নরেন্দ্র মোদিকে ইসরায়েলের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মান প্রদান
Published : ১৩:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেট-এ ভাষণ দিয়েছেন এবং সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন। তিনিই বিশ্বের প্রথম নেতা, যিনি এই বিশেষ পদক লাভ করলেন।
স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেন গুরিয়ন বিমানবন্দর-এ অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে দুই নেতা জেরুজালেমে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।
দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি সম্প্রসারণসহ নানা সহযোগিতামূলক ইস্যু নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে মত দেন।
বৈঠক শেষে নেসেটে দেওয়া ভাষণে মোদি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-এর হামলার তীব্র নিন্দা জানান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, ওই হামলায় আক্রান্ত প্রতিটি পরিবারের শোক ও বেদনায় ভারত সমানভাবে অংশীদার। সংকটময় সময়ে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
বিডি/এএন


































