আবারও বাড়ল দেশের রিজার্ভের পরিমাণ

আবারও বাড়ল দেশের রিজার্ভের পরিমাণ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৩, ১২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার মধ্যেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন বা প্রায় ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ রয়েছে ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন বা প্রায় ২৯ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর গত ৮ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার। সে সময় বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

অর্থাৎ গত তিন দিনের ব্যবধানে দেশের গ্রস রিজার্ভ প্রায় ১৯০ মিলিয়ন ডলার বেড়েছে। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করা রিজার্ভও প্রায় ১৮৯ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, রমজান মাস এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসী আয়ের প্রবাহ বা রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় রিজার্ভে এই ইতিবাচক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বেশি হারে অর্থ দেশে পাঠানোয় বৈদেশিক মুদ্রার মজুত শক্তিশালী হওয়ার প্রবণতা তৈরি হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement