ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: নৌপ্রতিমন্ত্রী
Published : ২১:০৭, ১১ মার্চ ২০২৬
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
বুধবার (১১ মার্চ) বিকেলে মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ নৌঘাট আরিচা, দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট পরিদর্শন শেষে পাটুরিয়া ঘাট এলাকায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন ও স্বাভাবিকভাবে চলতে পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। যাত্রীদের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। তিনি জানান, যাত্রীভাড়া বৃদ্ধি না করেই সেবার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের কারণে অনেক সময় ঘাটের অবস্থানেও পরিবর্তন আসে, যা নৌ চলাচলে কিছুটা প্রভাব ফেলে। তবে যাত্রীদের ভোগান্তি কমিয়ে আনা এবং প্রতিটি নৌরুট সচল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিডি/এএন






























