শয়তান খোঁজে সুখী সংসার—রহস্যময় পোস্টে বাঁধন
Published : ২১:৩৩, ১১ মার্চ ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘শয়তান খোঁজে সুখী সংসার’। তার এই সংক্ষিপ্ত কিন্তু কৌতূহলোদ্দীপক মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।
পরে জানা যায়, তার এই মন্তব্য মূলত নতুন একটি সিরিজকে ঘিরেই করা। বাঁধন অভিনীত জনপ্রিয় সিরিজ ‘চক্র’-এর দ্বিতীয় সিজন নিয়ে কথা বলতে গিয়েই তিনি এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন।
‘চক্র’-এর প্রথম সিজন দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতর উপলক্ষে ‘চক্র-২’ নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সিজন ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে বাঁধন বলেন, প্রথম সিজনের শেষভাগে যে জায়গায় রহস্য চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় সিজনের গল্প। এবারও দর্শকদের জন্য অপেক্ষা করছে এক নতুন সাইকোলজিক্যাল গেম, যেখানে রহস্য আরও জটিল হয়ে উঠবে।
তিনি আরও বলেন, শেয়ার্ড হ্যালুসিনেশনের আড়ালে লুকিয়ে থাকতে পারে আরও ভয়ংকর কোনো সত্য। সেই সত্য উন্মোচনের পথেই এগোবে নতুন সিজনের কাহিনি। দর্শকদের উদ্দেশে তিনি প্রশ্নও ছুড়ে দেন—তারা কি এই নতুন রহস্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত?
বাঁধন আরও বলেন, “শয়তান খোঁজে সুখী সংসার। আর যখন সেই শয়তান আপনার সবচেয়ে কাছের মানুষের ছদ্মবেশে সামনে আসে, তখন তার কাছ থেকে পালানোর কোনো পথই থাকে না।”
তিনি ইঙ্গিত দেন, ময়মনসিংহের অভিশপ্ত আদম পরিবারের পেছনে লুকিয়ে থাকা প্রকৃত রহস্যই নতুন সিজনে আরও গভীরভাবে উন্মোচিত হবে। সেই পরিবারের পেছনের আসল সত্যটা কী—সেটিই হবে ‘চক্র-২’-এর অন্যতম মূল আকর্ষণ।
বিডি/এএন


































