বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরিতে আগুন

বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরিতে আগুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:০১, ১৩ মার্চ ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি ঘিরে উত্তেজনা যখন তীব্র, ঠিক সেই সময় লোহিত সাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, এই ঘটনায় দুইজন মার্কিন নাবিক আহত হয়েছেন।

সেন্টকমের তথ্য অনুযায়ী, রণতরিটির লন্ড্রি সেকশন বা কাপড় ইস্ত্রি করার অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এই অগ্নিকাণ্ডের সঙ্গে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো সম্পর্ক নেই এবং এটি কোনো শত্রুপক্ষের হামলার ফলও নয় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। আগুন লাগার পরপরই জাহাজের নিজস্ব অগ্নিনির্বাপণ দল দ্রুত সক্রিয় হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ডে বিশাল এই রণতরিটির কাঠামোগত বা যান্ত্রিক কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষ করে জাহাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অংশ ‘প্রোপালশন প্ল্যান্ট’ বা ইঞ্জিন রুম সম্পূর্ণ অক্ষত রয়েছে।

সেন্টকম দাবি করেছে, এই ঘটনার ফলে রণতরিটির চলাচল বা যুদ্ধকালীন অপারেশন পরিচালনায় কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। জাহাজটি এখনও লোহিত সাগরে তার নির্ধারিত দায়িত্ব পালনে সক্ষম এবং মোতায়েন অবস্থায় রয়েছে।

আহত দুই নাবিককে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জাহাজ থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান জোরদার করার উদ্দেশ্যে পেন্টাগন সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চল থেকে অত্যাধুনিক ও বৃহৎ এই বিমানবাহী রণতরিটিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নিয়ে আসে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement