জুলাই সনদকে উপেক্ষা করে টিকে থাকতে পারবে না বিএনপি: সারজিস
Published : ১৮:৩৮, ১২ মার্চ ২০২৬
জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি দীর্ঘদিন টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, আগামী দিনের জন্য বাংলাদেশের মানুষের কাছে বিএনপি ইতিবাচক কোনো বার্তা দিতে পারেনি। জুলাই সনদের বাস্তবায়ন অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার হওয়ার কথা ছিল বিরোধী দল থেকে। কিন্তু বাস্তবে ডেপুটি স্পিকার করা হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত সংসদ সদস্য।
তিনি আরও বলেন, আজ দেখা যাচ্ছে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন সেই রাষ্ট্রপতি, যাকে তারা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি বলে আখ্যা দেয়। অন্তর্বর্তী সরকারের সময় নানা সীমাবদ্ধতার কারণে কিছু বিষয় মেনে নিতে হয়েছিল। কিন্তু এখন নির্বাচনের পর নতুন সরকার আবারও সেই একই রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নিয়ে কার্যক্রম শুরু করেছে, যা তাদের দৃষ্টিতে হতাশাজনক।
এনসিপির এই নেতা বলেন, বিএনপি যদি মনে করে জুলাই সনদকে উপেক্ষা করেও তারা জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে এবং সংসদ স্বাভাবিকভাবে চলবে— তাহলে তা সম্ভব নয়। কোনো দল যদি নিজেদের দলীয় স্বার্থ বাস্তবায়নের জন্য ক্ষমতার মোহে পড়ে স্বৈরাচারী পথ অনুসরণ করে, তাহলে জনগণ এবং বিরোধী দল একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও জানান, সংসদের প্রথম অধিবেশনেই তারা রাষ্ট্রপতির অভিশংসনের দাবি তুলেছেন। তার ভাষায়, যে রাষ্ট্রপতির হাত ধরে নতুন সরকার পরিচালিত হচ্ছে, সেই পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।
বিডি/এএন


































