নির্বাচন পর্যবেক্ষণে ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক
Published : ০১:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ২০২৬ সালের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আসছেন মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এর মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন-সংক্রান্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ৬০ জন অতিথি আসছেন।
পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংগঠন থেকে প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিশ্বের ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন কভার করতে বাংলাদেশে উপস্থিত হবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের আমন্ত্রিত বিদেশি প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
এছাড়া তুরস্ক থেকে ছয়জন সংসদ সদস্য ও দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের কর্মকর্তাসহ মোট ১০ সদস্যের একটি পর্যবেক্ষক দল আসছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে পাঁচজন করে প্রতিনিধিদল এবং ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরানের নির্বাচন কমিশনের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও নির্বাচন পর্যবেক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশে আসছেন।
আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনের সংবাদ কাভার করতে প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশ সফর করবেন। এর মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন ৪৮ জন সাংবাদিক।
পাশাপাশি আল জাজিরার সাতজন প্রতিনিধি ছাড়াও জাপানের এনএইচকে, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া ও ডয়েচে ভেলের প্রতিনিধিরা থাকবেন। এ ছাড়া স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও এই নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন।
বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংগঠন থেকে প্রায় ৩৩০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক রয়েছেন ২২৩ জন।
পাশাপাশি কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে প্রায় ৩০ জন পর্যবেক্ষক স্বতঃপ্রণোদিতভাবে নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন।
ইতোমধ্যে বিদেশি আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভিসা-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা যাতে স্বাধীন, নিরপেক্ষ ও নির্বিঘ্নভাবে গণভোট ও সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও সহায়তা নিশ্চিত করা হয়েছে।
বিডি/এএন






























