মাঠে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো!
Published : ০১:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে গত কয়েক দিন ধরেই নানা ধরনের জল্পনা-কল্পনা চলছিল। ক্লাবটির হয়ে টানা দুই ম্যাচে মাঠে না নামায় সেই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
অনেকেই ধারণা করতে শুরু করেন, হয়তো সৌদি ক্লাবটির সঙ্গে পর্তুগিজ মহাতারকার পথচলা শেষের দিকে। তবে আপাতত সেই সব আলোচনা থামতে যাচ্ছে। কারণ আবারও আল নাসরের জার্সিতে মাঠে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো—এমনটাই জানিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’।
আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম লাভজনক। জানা গেছে, এই চুক্তির আওতায় তিনি প্রতিদিন প্রায় পাঁচ লাখ পাউন্ড আয় করেন। এত বড় আর্থিক চুক্তি থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান নিয়ে ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছেন এই তারকা ফরোয়ার্ড। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) নিয়ন্ত্রিত ক্লাবগুলোর মধ্যে অর্থ বণ্টনের যে কাঠামো রয়েছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
রোনালদো আল নাসরের হয়ে টানা দুই ম্যাচে খেলেননি, আর বিস্ময়করভাবে এই দুই ম্যাচেই তাকে ছাড়াই জয় পেয়েছে দলটি। ২০২৩ সালে সৌদি লিগে তার যুগান্তকারী আগমনের পর থেকে তিনি লিগে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। তবে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগে সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ রোনালদোকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মাঠের ভেতরে কিংবা বাইরে—সব কিছু তার নিয়ন্ত্রণে থাকবে না। দলবদল সংক্রান্ত সিদ্ধান্ত আল নাসর নিজেই নেবে এবং বড় তারকা আনতে চাইলে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাও ক্লাবকেই করতে হবে।
এদিকে গুঞ্জন রয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মে ক্লাব ছাড়তে পারেন রোনালদো। প্রতিবেদনে বলা হয়েছে, তার চুক্তিতে ৪৪ মিলিয়ন পাউন্ড (প্রায় ৬০ মিলিয়ন ডলার) রিলিজ ক্লজ রয়েছে, যা আসন্ন ট্রান্সফার উইন্ডোতেই কার্যকর হতে পারে। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকলেও ক্রীড়া ও বাণিজ্যিক দিক থেকে বিশ্বের অনেক ক্লাবই এখনও রোনালদোর প্রতি আগ্রহ দেখাচ্ছে।
তবে আপাতত আল নাসর সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো—দলে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল ফাতেহ’র বিপক্ষে ম্যাচ রয়েছে আল নাসরের। ধারণা করা হচ্ছে, ওই ম্যাচ দিয়েই আবারও আল নাসরের হয়ে মাঠে নামবেন পর্তুগিজ এই সুপারস্টার।
বিডি/এএন
































