ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানকে যা বললো দিলো বিসিবি
Published : ০০:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সাম্প্রতিক উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক ও সহযোগিতামূলক ভূমিকা রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একই সঙ্গে ক্রিকেটের সার্বিক স্বার্থ বিবেচনায় আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত টি–টোয়েন্টি ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে এই ধন্যবাদ ও আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলামের বক্তব্য তুলে ধরে বলা হয়, পাকিস্তানে তার সাম্প্রতিক সংক্ষিপ্ত সফর এবং সংশ্লিষ্ট আলোচনার সম্ভাব্য ইতিবাচক অগ্রগতির প্রেক্ষাপটে পুরো ক্রিকেট ইকোসিস্টেমের বৃহত্তর স্বার্থে তিনি পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত ম্যাচটি খেলার আহ্বান জানিয়েছেন।
বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে দৃঢ় অবস্থান নিয়েছে পাকিস্তান। এমনকি বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার মতো বড় সিদ্ধান্তও নিয়েছিল তারা। এ কারণে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং দেশটির সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবি সভাপতি।
আমিনুল ইসলাম বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে আন্তরিকতা ও সহযোগিতার নজির স্থাপন করেছে, তাতে আমরা গভীরভাবে আবেগাপ্লুত। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের ক্রিকেটীয় ভ্রাতৃত্ব ও বন্ধন ভবিষ্যতেও আরও দৃঢ় ও সমৃদ্ধ হবে।
বিডি/এএন
































