আপাতত বন্ধ এমপিওভুক্তি, পরবর্তী সরকার নেবে সিদ্ধান্ত
Published : ০৩:২২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার আবেদন কার্যক্রম চলমান থাকলেও আপাতত এমপিও অনুমোদনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের ভাষ্য অনুযায়ী, এমপিওভুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পরবর্তী সরকারের সময়েই।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এমপিও কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে এ সংক্রান্ত কোনো অনুমোদন দেওয়া হবে না।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫’ অনুযায়ী এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছিল।
নির্ধারিত সময়ের মধ্যে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে রয়েছে—নিম্ন মাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ১৭০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৮৭টি, স্নাতক (পাস) পর্যায়ের ৪৪০টি, স্নাতক (সম্মান) পর্যায়ের ৪১৪টি এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৫টি প্রতিষ্ঠানের আবেদন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নীতিমালায় নির্ধারিত মানদণ্ড অনুসারে এসব আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে। এমপিওভুক্তির যোগ্যতা, আঞ্চলিক ভারসাম্যসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার তালিকা তৈরি করা হচ্ছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত ক্রাইটেরিয়ায় গ্রেডিংয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রথম ধাপে বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ করে অর্থ বিভাগের সম্মতি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানানো হয়। তবে প্রথম পর্যায়ে বিবেচনাযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করা হলেও প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত যাচাই এখনো চলমান রয়েছে।
আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত তথ্য ও অনলাইন ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মাঠপর্যায়ে গিয়ে তথ্য যাচাই করার কথাও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বয়ংক্রিয় সফটওয়্যারভিত্তিক মূল্যায়ন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনলাইন তথ্য যাচাই এবং প্রয়োজন অনুযায়ী সরেজমিন তদন্তের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত করা হবে। এ বিষয়ে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এমপিও অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। এমপিও অনুমোদনের নামে অনৈতিক লেনদেন বা ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য থাকলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বর (০১৩৩৯-৭৭৪৫২৮)-এ জানানোর আহ্বানও জানানো হয়েছে।
বিডি/এএন






























