রাজধানীতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
Published : ১৪:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন এবং দায়িত্বকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন।
প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, দায়িত্বকালীন সময়ে সেনাবাহিনীর সমর্থন প্রশাসনিক কাজগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নতুন সরকার গঠনের প্রক্রিয়া।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, যেখানে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দেশের নতুন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। শপথগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়ে যাবে।
বিডি/এএন





























