নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ ও ফটোসেশনে অংশ নিলেন প্রধান উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ ও ফটোসেশনে অংশ নিলেন প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় লাভের মাধ্যমে বিএনপি এখন এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান।

আগামীকাল, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচিত মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে দেশের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের হাতে হস্তান্তর করা হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘটবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের।

নতুন নির্বাচিত সরকারের আগমনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে উপস্থিত সকলের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় দেড় বছরের এই সময়কাল ধরে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিপুল ব্যবধানে বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন।

এর আগে, একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। শপথগ্রহণের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে তারা দেশের নতুন সরকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। শপথগ্রহণের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার কার্যক্রম পরিচালনা করবে। একবার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement