জরুরি প্রয়োজনে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল
Published : ১৪:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সফর করেছেন।
দেশ ছাড়ার আগে তিনি বিসিবির পরিচালকবৃন্দের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তার মাধ্যমে নিজে এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। এরপর বিসিবির একাধিক পরিচালকও সংবাদমাধ্যমকে বুলবুলের অস্ট্রেলিয়া যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচালকদের উদ্দেশ্যে পাঠানো ওই বার্তায় বিসিবি সভাপতি উল্লেখ করেন, তাঁর অনুপস্থিতিতেও স্ব-স্ব কমিটির কার্যক্রম স্বাভাবিক গতিতে চলতে থাকবে।
তিনি আরও জানিয়েছেন, বিদেশে অবস্থান করলেও দাপ্তরিক প্রয়োজনে তিনি অনলাইনে সার্বক্ষণিক সক্রিয় থাকবেন এবং প্রয়োজন হলে সকলকে সহযোগিতা প্রদান করতে সক্ষম হবেন।
এছাড়া বার্তায় তিনি সামনে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বিসিবি সদস্যদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন। বুলবুল আশ্বস্ত করে লিখেছেন, “আমি শিগগিরই ফিরবো।”
উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন ধরে সপরিবারে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ফারুক আহমেদকে সরিয়ে তাঁকে বিসিবির দায়িত্ব দেন। পরবর্তীতে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হন।
বিডি/এএন


































