নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত

নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য মোট ৩৭টি বাড়ি বা আবাসন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করেছি।

এগুলো মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় রয়েছে। প্রয়োজনে আরও কিছু বাড়ি তৈরি করারও পরিকল্পনা রয়েছে।”

উপদেষ্টা জানান, এই ৩৭টি বাড়ির মধ্যে কিছু বাড়িতে বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যরা বসবাস করছেন। প্রধানমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ মন্ত্রীদের বাড়ি সংক্রান্ত বিষয়টি তাদের পছন্দ ও প্রয়োজন অনুসারে সমন্বয় করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামীকাল, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

শুধু আবাসনের বিষয়েই নয়, কর্মসম্পাদন ও দায়িত্ব হস্তান্তরের বিষয়েও আদিলুর রহমান খান বলেন, “আমরা তিনটি মন্ত্রণালয়ে ‘সাকসেসরস নোট’ রেখে যাচ্ছি।

গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই সরকার দায়িত্ব নিয়েছিল, আমরা ১৮ মাস দেশের স্বার্থে কাজ করেছি। রাষ্ট্রকে গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে নতুন গতিতে নিয়ে আসার চেষ্টা করেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি এবং সেই ধারাবাহিকতায় আমাদের অর্জনগুলো পরবর্তী সরকারের জন্য নোট আকারে রেখে যাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, নতুন সরকার দেখবেন আমরা কী করেছি, কী উদ্দেশ্যে মন্ত্রণালয়গুলো পরিচালনা করেছি এবং কোন ধরনের কাজ নেওয়া হয়েছিল। এরপর তারা নিজেদের বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।

দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের জবাবে আদিলুর রহমান বলেন, “বাংলাদেশ দুর্নীতিতে এক ধাপ পিছিয়েছে। এ বিষয়ে টিআইবিকে জিজ্ঞেস করা উচিত। জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট সবসময় একই যায়গায় মিলতে পারে না।

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে ভিন্ন চিত্রও পাওয়া যায়। এছাড়া অনেক ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ সম্পূর্ণ হয়নি, যা আশা করা যায় পরবর্তী সময়ে সম্পন্ন হবে।”

এর আগে, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই শপথ গ্রহণ করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement