দেশ থেকে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
Published : ১২:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
দুর্নীতির গুরুতর অভিযোগ মাথায় নিয়ে গোপনে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী German Galushchenko-কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) National Anti-Corruption Bureau of Ukraine (নাবু) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে Al Jazeera।
নাবুর বিবৃতিতে বলা হয়, রোববার গোপনে দেশত্যাগের সময় সাবেক ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে আটক করা হয়েছে।
বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
গালুশচেঙ্কো ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট Volodymyr Zelenskyy-এর ঘনিষ্ঠ একজন মন্ত্রী। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ ওঠে।
তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—অর্থের বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে ইউক্রেনের জ্বালানি খাতে দেশটির ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দেওয়া।
পাশাপাশি ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান ও দেশটির সব পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রক সংস্থা Energoatom-এর ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন চুক্তির বিনিময়ে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর গত নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। সর্বশেষ এবার দেশ ছাড়ার চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হলো।
উল্লেখ্য, ২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী Yulia Tymoshenko-সহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠে আসে। গেরমান গালুশচেঙ্কো ছিলেন সেই তালিকার অন্যতম আলোচিত নাম।
দুর্নীতি ইউক্রেনের সরকারি প্রশাসনে দীর্ঘদিনের একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত এই কারণেই এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোর জোট European Union-এ ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে।
বিডি/এএন

































