চুক্তিভিত্তিক নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
Published : ১৪:১১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এর চুক্তি বাতিল করা হয়। মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর করা হয়েছিল, কিন্তু এখন তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
চুক্তি বাতিলের বিষয়ে পরবর্তীতে নানা বিতর্কও সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে একটি বার্তা জারি করা হয়। বার্তায় বলা হয়, “মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পর বিভিন্ন মাধ্যমে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে।
প্রকৃতপক্ষে, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার নিকট দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।
অতএব, বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।”
শেখ আব্দুর রশীদ-এর চুক্তি বাতিলের পর মন্ত্রিপরিষদ সচিব পদে দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করছিলেন।
সবশেষে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) ড. নাসিমুল গনি এই পদে নিয়োগ পান এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিডি/এএন





























