পীরগঞ্জে আসামি ধরার সময় পুলিশ সদস্যের মৃত্যু
Published : ১৪:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি ধরার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম (শহীদ)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
ওসি জানান, গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরার জন্য সেনুয়া গ্রামে অভিযান চালান। সেখানে তারা এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময় হঠাৎ শহিদুল ইসলাম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।
দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
শহিদুল ইসলামের মৃত্যুতে পুলিশ পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন দায়িত্ববান ও সাহসী কর্মকর্তা হিসেবে স্মরণ করছেন।
বিডি/এএন


































