আন্দোলনের নামে জনসাধারণের ওপর আর জুলুম হতে দেবো না: র‍্যাব ডিজি

আন্দোলনের নামে জনসাধারণের ওপর আর জুলুম হতে দেবো না: র‍্যাব ডিজি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ মানুষের ওপর কোনো ধরনের জুলুম বা হয়রানি বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক একেএম শাহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

র‍্যাব ডিজি বলেন, গত দেড় বছরে বিশেষ করে জুলাই-আগস্টের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভঙ্গুর হয়ে পড়েছিল। সে সময় থেকেই সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছিল যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন, বাহিনী সেই পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া গেছে। দেশবাসীকে আবারও আশ্বস্ত করে তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতির দিকে যাবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

র‌্যাব মহাপরিচালক বলেন, কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে বাহিনী সর্বদা সতর্ক ও সজাগ রয়েছে। দাবি আদায় কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করা, হয়রানি করা বা তাদের ওপর জুলুম চালানোর কোনো সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্টভাবে জানান তিনি।

একেএম শাহিদুর রহমান বলেন, দেশের মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। জনগণের দৈনন্দিন জীবনে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে র‌্যাব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।

সবশেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম ও দেশবাসীর সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে আরও সুন্দর ও স্থিতিশীল অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement