ক্রিকেট ম্যাচে অপ্রত্যাশিত ঘটনা, মৌমাছির কামড়ে প্রাণ হারালেন আম্পায়ার
Published : ১৪:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট ম্যাচ চলাকালে মৌমাছির ঝাঁকের আকস্মিক আক্রমণে প্রাণ হারিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার মানিক গুপ্ত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার সপ্রু স্টেডিয়ামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন মানিক গুপ্ত কানপুর ক্রিকেট সার্কিটের অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন আম্পায়ার হিসেবে সুপরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের ম্যাচের দায়িত্ব শেষ করে ড্রিঙ্কস ব্রেকের সময় পাশের মাঠে দায়িত্ব পালনরত এক সহকর্মীর সঙ্গে দেখা করতে যান তিনি। সে সময় আচমকা একঝাঁক মৌমাছি মাঠসংলগ্ন এলাকায় অবস্থানরত সবার ওপর আক্রমণ শুরু করে।
পরিস্থিতি থেকে বাঁচতে হুড়োহুড়ি করে দৌড়াতে গিয়ে মানিক ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই মৌমাছির ঝাঁক তাকে ঘিরে ধরে এবং একাধিকবার দংশন করে গুরুতরভাবে আহত করে।
মানিকের ভাই অমিত কুমার গুপ্ত বার্তা সংস্থা এএনআই-কে জানান, ‘নিজের ম্যাচ শেষ হওয়ার পর ড্রিঙ্কস ব্রেকের সময় তিনি অন্য মাঠে সহকর্মী আম্পায়ারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
তারা চা পান করছিলেন, এমন সময় হঠাৎ মৌমাছির একটি ঝাঁক উপস্থিত সবার ওপর আক্রমণ চালায়। প্রাণ বাঁচাতে দৌড়াতে গিয়ে মানিক পড়ে যান, এরপর মৌমাছিরা তাকে ঘিরে ধরে দংশন করতে থাকে।’
সহকর্মী আম্পায়ার জগদীশ শর্মা বলেন, ‘ড্রিঙ্কস ব্রেকের সময় আমরা মৌমাছির ঝাঁকের মুখোমুখি হই। সবাই দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মানিক ভাই বয়সে বড় হওয়ায় তত দ্রুত দৌড়াতে পারেননি। আমরা অনেকে মাটিতে শুয়ে আত্মরক্ষার চেষ্টা করি, কিন্তু মৌমাছিরা তাকে লক্ষ্য করে মারাত্মকভাবে আক্রমণ চালায়।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আম্পায়ারিং করেই জীবিকা নির্বাহ করতেন মানিক গুপ্ত এবং ক্রিকেটই ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থেকে কয়েক দশক দায়িত্ব পালন করে তিনি ক্রীড়াঙ্গনে সম্মান ও ভালোবাসা অর্জন করেছিলেন। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিডি/এএন
































