চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগেই সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশের না খেলার বিষয়টি ছিল সরকারের সিদ্ধান্ত।
তবে পরে তিনি নিজের বক্তব্য পরিবর্তন করে বলেন, এটি সরকারের সিদ্ধান্ত নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও খেলোয়াড়দের সম্মিলিত সিদ্ধান্ত ছিল।
এবার সেই সিদ্ধান্ত ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার দাবি, বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুল সত্য কথা বলেননি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের সামনে এসে তিনি এ মন্তব্য করেন।
সালাউদ্দিন বলেন, এমন স্পষ্টভাবে মিথ্যা বক্তব্য দেওয়া হবে—এটা তিনি কল্পনাও করতে পারেননি। তার ভাষ্য, তিনি এখন খেলোয়াড়দের সামনে কীভাবে মুখ দেখাবেন তা ভেবে পাচ্ছেন না।
তিনি আরও বলেন, একজন শিক্ষক, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হয়ে এভাবে বক্তব্য দেওয়া হতাশাজনক এবং গ্রহণযোগ্য নয়।
তিনি আরও উল্লেখ করেন, দলের দুইজন খেলোয়াড় মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে তারা কোমায় চলে গিয়েছিলেন এবং কয়েকদিন যোগাযোগের বাইরে ছিলেন।
পাঁচ দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলেও দাবি করেন তিনি। পরবর্তীতে ‘অদম্য কাপ’ টুর্নামেন্টে তাদের মাঠে ফিরিয়ে আনতে পারাটাকেই নিজের জীবনের বড় সাফল্য হিসেবে দেখছেন সালাউদ্দিন। তার মতে, একটি দলকে মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপ না খেলা নিয়ে অনুশোচনার কোনো প্রশ্ন নেই।
তার দাবি ছিল, সিদ্ধান্তটি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা নিজেরাই। দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন।
































