উৎসব ভাতা বাড়ছে, শিক্ষকদের জন্য সুখবর

উৎসব ভাতা বাড়ছে, শিক্ষকদের জন্য সুখবর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি—উৎসব ভাতা মূল বেতনের শতভাগে উন্নীত করা—নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে আশাব্যঞ্জক বক্তব্য দেন। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা মূল বেতনের মাত্র ২৫ থেকে ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন, যা সরকারি কর্মচারীদের প্রাপ্য শতভাগ উৎসব ভাতার তুলনায় অনেক কম।

সরকারি কর্মচারীরা যেখানে পূর্ণাঙ্গ উৎসব ভাতা পান, সেখানে বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই বৈষম্য কেন বজায় আছে—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে।

তিনি স্পষ্টভাবে জানান, চলতি সরকারের মেয়াদকালেই বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সে অনুযায়ী কাজ শুরু হয়েছে। শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করাকে নতুন সরকারের অগ্রাধিকারগুলোর একটি হিসেবে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এমপিওভুক্তির আবেদন নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। নির্বাচনের আগে জমা পড়া আবেদনগুলো পুনরায় কঠোর যাচাই-বাছাইয়ের আওতায় আনা হবে বলে জানান তিনি। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনার মাধ্যমে যোগ্য ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement