২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে যেতে মানতে হবে ডিএমপির সড়ক নির্দেশ

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে যেতে মানতে হবে ডিএমপির সড়ক নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আগতদের জন্য নির্দিষ্ট কয়েকটি সড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা তুলে ধরেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার রোড ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে এসব নির্ধারিত সড়ক ছাড়া অন্য কোনো পথ দিয়ে শহীদ মিনার এলাকায় প্রবেশ করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থীদের দোয়েল চত্বর অথবা চাঁনখানপুল হয়ে এলাকা ত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ মিনার প্রাঙ্গণে কেউ যেন কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন না করেন, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হওয়ার পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারিতে থাকবেন। বিশেষায়িত ইউনিট হিসেবে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement