সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৬

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সম্প্রতি নিশ্চিত করেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই এবং এ ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্মীপুরের কোনো সমস্যা নেই।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “সারাদেশে সড়কে চাঁদাবাজি প্রতিহত করা হয়েছে, আর লক্ষ্মীপুর তো একদমই এতে অন্তর্ভুক্ত নয়।”

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তিন দিনের সফরে নিজ জেলা লক্ষ্মীপুরে আগমন করেন এ্যানি চৌধুরী। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সার্কিট হাউসে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু প্রমুখ। তাঁরা ফুলেল শুভেচ্ছা দিয়ে অতিথিকে স্বাগত জানান।

এ্যানি চৌধুরী আরও বলেন, “লক্ষ্মীপুরে দীর্ঘদিন ধরে বিদ্যমান জলাবদ্ধতার সমস্যা দূরীকরণের জন্য ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরের মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।”

তিনি আরও জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্প গ্রহণের জন্য নজর দেওয়া হচ্ছে। মেঘনা নদী ও রহমতখালী খালের তীরে ভাঙন রোধের জন্য পিজিভিলিটি স্ট্যাডি চালু করা হয়েছে। দেশব্যাপী খাল খননের উদ্যোগ নেওয়া হবে এবং ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ খাল খনন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। খুব শিগগিরই খাল খনন কার্যক্রম শুরু হবে, এবং এর মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement