আসন্ন ঈদুল ফিতর–এর আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে নতুন সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) ভিত্তিতে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় এই কর্মসূচি শুরু হবে।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটির সদস্য হিসেবে থাকছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। পাশাপাশি উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিবরাও এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
কমিটির প্রধান দায়িত্ব হবে ফ্যামিলি কার্ড কর্মসূচির একটি কার্যকর নকশা বা ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী বাছাইয়ের স্বচ্ছ পদ্ধতি নির্ধারণ করা। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড চালুর ব্যবস্থা নেওয়া হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নারীদের জন্য ইতোমধ্যে চালু থাকা কোনো কর্মসূচিকে এই ফ্যামিলি কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না, সেটিও কমিটি পর্যালোচনা করবে। একই সঙ্গে সুবিধাভোগীদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) প্রণয়নের সুপারিশ করবে কমিটি।
সরকারের লক্ষ্য, আসন্ন ঈদুল ফিতরের আগেই এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা। সে উদ্দেশ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।































