এলিয়েন সংক্রান্ত সব গোপন ফাইল প্রকাশের আদেশ ট্রাম্পের

এলিয়েন সংক্রান্ত সব গোপন ফাইল প্রকাশের আদেশ ট্রাম্পের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ভিনগ্রহের প্রাণ বা এলিয়েন নিয়ে দীর্ঘদিন ধরে রহস্যের জট নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর।

তিনি জানিয়েছেন, এলিয়েন, অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) এবং অজ্ঞাত মহাজাগতিক ঘটনা (ইউএপি) সংক্রান্ত মার্কিন সরকারের কাছে থাকা সমস্ত গোপন নথি জনগণের জন্য প্রকাশ করা হবে।

এই উদ্দেশ্যে তিনি প্রতিরক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দেবেন যেন বহির্জাগতিক প্রাণ, ইউএপি এবং ইউএফও সম্পর্কিত নথিগুলো চিহ্নিত করে তা জনসমক্ষে প্রকাশের প্রক্রিয়া শুরু করা হয়। এই ঘোষণার পর বিষয়টি নতুন করে রাজনৈতিক এবং বৈজ্ঞানিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এই বিতর্কের সূত্রপাত ঘটে গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এক মন্তব্যের পর। এক পডকাস্ট সাক্ষাৎকারে ভিনগ্রহবাসীদের বাস্তবতা নিয়ে প্রশ্ন করা হলে ওবামা বলেন, তারা বাস্তব, তবে আমি তাদের দেখিনি।

ওবামা আরও উল্লেখ করেন, বহুল আলোচিত এরিয়া ৫১-এ ভিনগ্রহবাসীদের আটকে রাখার মতো কোনো ভূগর্ভস্থ স্থাপনা নেই। তবে তিনি ইঙ্গিত দেন, যদি বিশাল কোনো ষড়যন্ত্র থাকে, তবে তা এমনও হতে পারে যে স্বয়ং প্রেসিডেন্টের কাছ থেকেও বিষয়টি লুকানো হয়েছে। ওবামার এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক ও বৈজ্ঞানিক মহলে উত্তেজনা তৈরি হয়।

বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ওবামার মন্তব্যের সমালোচনা করেন এবং বলেন, তিনি গোপন তথ্য ফাঁস করেছেন। তবে এলিয়েনদের অস্তিত্ব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি ট্রাম্প। তিনি বলেন, তারা বাস্তব কি না, তা আমি জানি না। একই সঙ্গে কৌতুক করে বলেন, নথি গোপনীয়তার তালিকা থেকে সরালে হয়তো ওবামাকে আইনি ঝামেলা থেকে মুক্তি দেওয়া যেতে পারে।

এর আগে সপ্তাহের শুরুতে ওবামা পরিষ্কার করেছেন, ভিনগ্রহবাসীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এমন কোনো অকাট্য প্রমাণ তার কাছে নেই। তবে মহাবিশ্বের বিশালতা বিবেচনা করলে অন্য কোথাও প্রাণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

এদিকে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প এক পডকাস্টে দাবি করেন, ভিনগ্রহের প্রাণ নিয়ে কথা বলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ প্রস্তুত। এমনকি এ বিষয়ে একটি বিশেষ ভাষণও তৈরি আছে, যা তিনি উপযুক্ত সময়ে দেবেন।

লারা ট্রাম্পের এই দাবিতে হোয়াইট হাউসও কিছুটা বিস্মিত হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক প্রশ্নের জবাবে হেসে বলেন, ভিনগ্রহবাসী নিয়ে কোনো ভাষণ—এটা তার কাছেও একেবারেই নতুন খবর।

২০১৭ সালে পেন্টাগনের কিছু ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই ইউএফও নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। এর ধারাবাহিকতায় ২০২২ সালে মার্কিন কংগ্রেসে প্রায় ৫০ বছর পর ইউএফও সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।

তবে সেই সময় কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌবাহিনীর জাহাজের আশপাশে দেখা রহস্যময় বস্তুগুলো সম্ভবত ড্রোন ছিল। যদিও পেন্টাগন স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছে, তবুও সামরিক বাহিনীর অধিকাংশ প্রতিবেদন এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। ফলে এলিয়েন ও ইউএফও সংক্রান্ত রহস্য পুরোপুরি সমাধান হয়নি।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement