বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে তাকে হেনস্তা এবং আপত্তিকর ছবি ধারণের চেষ্টার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানাহাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


































