৬ সিটি করপোরেশনে নিয়োগ পেলেন নতুন প্রশাসক
Published : ১২:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা হয়। প্রজ্ঞাপনে যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন— মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন), মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা সিটি করপোরেশন), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট সিটি করপোরেশন), মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) এবং মো. শওকত হোসেন সরকার (গাজীপুর সিটি করপোরেশন)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত উল্লিখিত ব্যক্তিদের সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুসারে প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং মেয়রের দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিডি/এএন






























