প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সামগ্রিক দায়িত্ব ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
দাপ্তরিক কর্মসূচির বিশেষ পর্বে প্রধানমন্ত্রী নিজ হাতে পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার কাঁধে নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তাদের নতুন পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ গ্রহণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাদের পেশাগত জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।






























