দুর্নীতি করলে সরকারি কর্মকর্তাদের চাকরি ও মামলা: আইনমন্ত্রী
Published : ১৪:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
মো. আসাদুজ্জামান জানিয়েছেন, কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে শুধু তার চাকরি চলে যাবে না, বরং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে। দুর্নীতির বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না বলেও তিনি স্পষ্ট করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংবিধানে উল্লেখিত ১৩৩টি বিল ও অধ্যাদেশ রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ—এ কথা উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী আশ্রয়-প্রশ্রয় বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, যারা এসব অপরাধীকে আশ্রয় বা সহায়তা দেবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। একই সঙ্গে সরকার আইনানুগ প্রক্রিয়ায় ফ্যাসিবাদী শক্তির বিচার করতেও বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।
বিডি/এএন
































