এনসিপির ইফতারে আমন্ত্রণ পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির ইফতারে আমন্ত্রণ পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশের উদীয়মান রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে তার হাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় তারা সৌজন্য সাক্ষাৎও করেন বলে জানা গেছে।

আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’।

এই প্রতিপাদ্য সামনে রেখে দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক সম্প্রসারণ এবং গণতান্ত্রিক কাঠামো সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করা হবে।

রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ-এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়েই দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন শুরু হবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement