দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ: বাড়ি থেকে ২ জনের মরদেহ উদ্ধার

দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ: বাড়ি থেকে ২ জনের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ঈশ্বরদী, পাবনা জেলায় গভীর রাতে এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে। দাদিকে হত্যার পর বাড়ি থেকে তার কিশোরী নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন-এর ভবানিপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার মেয়ে জামিলা আক্তার (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে রাস্তায় আসেন। কিছু সময় পর শব্দ বন্ধ হয়ে গেলে তারা পরিস্থিতি স্বাভাবিক ভেবে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

কিন্তু শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা জামিলাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পাশের একটি সরিষা ক্ষেত থেকে তাকে বিবস্ত্র অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement