উড্ডয়নের পর কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৩৪
Published : ১০:১৭, ২৪ মার্চ ২০২৬
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের নিকটবর্তী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
পুয়ের্তো লেগুইজামোর মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এখন পর্যন্ত আমরা ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।’
অন্যদিকে, পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৪ জনের মধ্যে ২১ জনের মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
কলম্বিয়ার সামরিক বাহিনীর সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৮০ জনে পৌঁছাতে পারে।
বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ও যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের একটি বিমান। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, বিমানটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাত্র দেড় কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পরই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।
একই বার্তায় তিনি আরও উল্লেখ করেন, বিমানটি কোনো ধরনের হামলার শিকার হয়নি এবং এর চালকরা ছিলেন প্রশিক্ষিত ও অভিজ্ঞ।
বিডি/এএন
































