যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ
Published : ১১:৪২, ২৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের Texas অঙ্গরাজ্যের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং তীব্র শব্দে আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেলে টেক্সাসের Port Arthur এলাকায় অবস্থিত Valero Energy Corporation-এর একটি শোধনাগারে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি করে। পরিস্থিতি বিবেচনায় শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশনা জারি করে।
টেক্সাস উপসাগরীয় উপকূল ও টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ভ্যালেরো শোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন। প্রতিদিন এখান থেকে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদিত হয়। তবে এখন পর্যন্ত এই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Valero Energy Corporation-এর এক প্রতিনিধি New York Post-কে জানিয়েছেন, শোধনাগারের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং তারা সবাই নিরাপদে আছেন।
ঘটনাস্থলে উপস্থিত এক বাসিন্দা 12 News-কে জানান, বিস্ফোরণের পর পুরো এলাকায় পচা ডিমের মতো তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফারের গন্ধ হিসেবে পরিচিত। অন্য বাসিন্দারাও জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাতে তাদের ঘরবাড়ি ও যানবাহন কেঁপে ওঠে।
Jefferson County-এর শেরিফ জেনা স্টিফেনস জানিয়েছেন, শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের কম্পন অনুভব করা অনেক স্থানীয় বাসিন্দা বিস্ময় প্রকাশ করে বলেন, এত বড় ঘটনার পরও শহর খালি করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক নারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের অন্যত্র সরিয়ে নেওয়া উচিত ছিল।
আরেক নারী, যিনি Groves শহরের বাসিন্দা এবং পোর্ট আর্থার থেকে প্রায় ছয় মাইল দূরে থাকেন, বলেন, এই রাসায়নিক পদার্থগুলো শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না বলে তার আশঙ্কা। একইভাবে এক পুরুষ বাসিন্দা বলেন, এটি শুধু পশ্চিমাঞ্চলেই সীমাবদ্ধ নয়, এখনো বাতাসের মাধ্যমে বিস্তৃত এলাকায় ছড়িয়ে আছে।
সূত্র: New York Post
বিডি/এএন
































