প্রথমবারের মতো সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন খুলনায় একটি সমাবেশে অংশগ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে যশোরে এসে জনসভায় যোগ দেবেন।
সোমবার দুপুর ১২টা থেকে শুরু হবে এই নির্বাচনি জনসভা। তার আগমনকে ঘিরে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত চলছে সাজসজ্জা ও প্রচার কার্যক্রম। মিছিল, ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে উঠেছে পুরো জেলা। নেতাকর্মীরা দীর্ঘ প্রতীক্ষায় দিন গুনছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভার মূল মঞ্চ থাকবে উপশহর কলেজ মাঠে। পাশাপাশি কলেজ মাঠসংলগ্ন ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জনসভা দেখার সুবিধার্থে বিভিন্ন স্থানে একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, ২ ফেব্রুয়ারি সকালে তারেক রহমান খুলনায় এক জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সেখান থেকে হেলিকপ্টারে যশোর উপশহর কলেজ মাঠে এসে পৌঁছাবেন। তিনি বলেন, দুপুর ১২টা থেকেই জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। চেয়ারম্যান মঞ্চে ওঠার আগেই বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং দলের প্রার্থীরা বক্তব্য দেবেন। আয়োজকদের লক্ষ্য প্রায় দুই লাখ মানুষের সমাগম নিশ্চিত করা।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।
































