আইনি লড়াই শেষে বিএনপির এক প্রার্থীর বৈধতা, দুইজনের প্রার্থিতা বাতিল
Published : ১২:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা নিয়ে চলমান আইনি লড়াইয়ের অবসান ঘটেছে বিএনপির তিনজন প্রভাবশালী প্রার্থীর ক্ষেত্রে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আপিল বিভাগ থেকে তাদের বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দেন। রায়ে দেখা যায়, তিনজন প্রার্থীর মধ্যে একজন স্বস্তির খবর পেলেও বাকি দুজনের ভাগ্যে জুটেছে নেতিবাচক সিদ্ধান্ত।
আদালতের রায়ে কুমিল্লা–১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে উত্থাপিত ঋণখেলাপির অভিযোগ খারিজ করে দিয়ে আপিল বিভাগ তাকে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত রায় দেন। এর ফলে নির্বাচনে অংশগ্রহণে তার আর কোনো আইনগত বাধা থাকল না এবং তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়েই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
তবে একই আসনের আরেক বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত এসেছে। তার বিরুদ্ধে থাকা দ্বৈত নাগরিকত্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় আপিল বিভাগ তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে, তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।
অন্যদিকে, কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত হেভিওয়েট প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাও অবৈধ ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা পুনর্বহালের লক্ষ্যে করা তার ‘লিভ টু আপিল’ খারিজ করে দেন আপিল বিভাগ। ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন এবং পরবর্তীতে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটিই চূড়ান্তভাবে বহাল থাকল।
এই কুমিল্লা–৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
উল্লেখ্য, এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
আইনজীবীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আদেশের মধ্য দিয়ে সংশ্লিষ্ট তিন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত সব ধরনের আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ সমাপ্তি ঘটেছে। চূড়ান্ত রায়ের ফলে মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনী মাঠে ফিরতে পারলেও আবদুল গফুর ভূঁইয়া ও মঞ্জুরুল আহসান মুন্সী এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন।
বিডি/এএন
































