মুন্সীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার পর কড়া বার্তা দিলেন হাসনাত

মুন্সীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার পর কড়া বার্তা দিলেন হাসনাত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১০, ১ ফেব্রুয়ারি ২০২৬

হাইকোর্টে ব্যর্থতার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও প্রার্থিতা রক্ষা করতে পারলেন না কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

তার দায়ের করা লিভ টু আপিল আপিল বিভাগ খারিজ করে দেওয়ায় ঋণখেলাপির অভিযোগে নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগের এই রায়ের পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। কড়া ভাষায় তিনি বলেন, এই রায় ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি স্পষ্ট বার্তা। নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ ‘জাহান্নাম’ বানিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, বিএনপির প্রভাবশালী প্রার্থী হিসেবে পরিচিত মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র প্রাথমিক যাচাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থী।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল মুন্সী এবং ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিতের আবেদন জানান। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট তার রিট খারিজ করে দেন।

এরপর প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। কিন্তু রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ সেই আবেদনও খারিজ করে দেন। ফলে আইনি প্রক্রিয়ার সব ধাপ শেষ হয়ে তার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত নয়, কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement