প্রধানমন্ত্রী পদে মেয়াদ ১০ বছরের বেশি নয়: তারেক রহমান

প্রধানমন্ত্রী পদে মেয়াদ ১০ বছরের বেশি নয়: তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না—এমন প্রস্তাব বিএনপিই সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করেছে। তিনি জানান, এই প্রস্তাব বিএনপির ঘোষিত ৩১ দফার অংশ এবং এটি নথিভুক্ত (ডকুমেন্টেড) রয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “যদি আমরা সরকার গঠনে সক্ষম হই, তবে দেশের সংবিধান ও আইনের আওতায় একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১০ বছরের মেয়াদ নির্ধারণ করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সংস্কার।”

তারেক রহমান আরও বলেন, সাংবিধানিক সংস্কারের বহু বিষয় রয়েছে, যার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ দীর্ঘদিন ধরে সুশীল সমাজ, সাংবাদিক ও রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনার বিষয়। বিএনপির ৩১ দফার মধ্যে এই অনুচ্ছেদকে যৌক্তিক ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য অবস্থানে আনার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, দুই-একটি বিষয় বাদে এই সংস্কার ধীরে ধীরে উন্মুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশকে যদি সত্যিকারের গণতান্ত্রিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সেই ভোট হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, যাতে দেশের মানুষ তার ওপর পূর্ণ আস্থা রাখতে পারে।”

তিনি আরও জানান, জনগণ বিশ্বাস করে যে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র অরাজনৈতিক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সম্ভব। এজন্যই বিএনপি তাদের ৩১ দফার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।

তারেক রহমান বলেন, “স্বৈরাচারের সময়ে, প্রায় আড়াই বছর আগে আমরা ৩১ দফা ঘোষণা করার সময়ই স্পষ্টভাবে বলেছিলাম, বিএনপি ক্ষমতায় এলে এবং সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এই প্রস্তাব সর্বপ্রথম বিএনপিই জাতির সামনে উপস্থাপন করেছে, এবং আমরা এই কৃতিত্বটি নিতে চাই।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement