সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, যমুনা এলাকায় সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এই কর্মসূচি শুরু করার কথা জানানো হয়।
সংগঠনটি আরও জানায়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন নেতাকর্মীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রার সময় বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পুলিশি ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
ইনকিলাব মঞ্চের দাবি, এ সময় সংগঠনের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ হন। এছাড়া ডাকসু নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন আহত হন।
তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং পরিস্থিতি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল।






























