যুগান্তর সাংবাদিকের ওপর হামলায় ডিএমএফের তীব্র নিন্দা

যুগান্তর সাংবাদিকের ওপর হামলায় ডিএমএফের তীব্র নিন্দা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

যমুনা ভবনের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যুগান্তরের সাংবাদিক আবু সালেহ মুসার ওপর এক পুলিশ সদস্যের উদ্দেশ্যপ্রণোদিত হামলার ঘটনায় ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, যাদের দায়িত্ব জনগণ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য প্রকাশ্যে একজন সাংবাদিককে টার্গেট করে হামলা চালিয়েছে।

এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।

ডিজিটাল মিডিয়া ফোরাম মনে করে, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের শারীরিক বা মানসিক নিপীড়ন সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত পরিচালনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, ভবিষ্যতে যাতে সাংবাদিকরা নিরাপদে ও নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হোক।

সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ধারাবাহিকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে ডিজিটাল মিডিয়া ফোরাম সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement