যমুনার সামনে দায়িত্ব পালনকালে যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা

যমুনার সামনে দায়িত্ব পালনকালে যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা চলাকালে সংবাদ সংগ্রহের সময় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মুসার ওপর হামলা চালিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশি ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে। একই সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নারীদের ওপরও লাঠিচার্জ চালানো হয়।

এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু সালেহ মুসা। অভিযোগ রয়েছে, ওই মুহূর্তে এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে হামলা চালান। এতে মুসার হাতে থাকা স্মার্টফোন পড়ে গিয়ে ভেঙে যায়। লাঠির আঘাতে মুসা মাটিতে বসে পড়লে আরও কয়েকজন পুলিশ সদস্য তার ওপর হামলায় অংশ নেয়। এই বর্বরোচিত হামলায় মুসার হাতের আঙুলে ফ্র্যাকচার হয় এবং পিঠ ও পাঁজরে গুরুতর জখম হন তিনি।

এদিকে, নির্বাচনের আগে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে সাংবাদিক মহলে। অনেক গণমাধ্যমকর্মীর আশঙ্কা, আসন্ন নির্বাচনকে বানচাল বা প্রশ্নবিদ্ধ করতেই কিছু পুলিশ সদস্য পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

ঘটনাটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement