দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে
Published : ০১:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, দেশের মানুষ এখন ধানের শীষ প্রতীকে ভোট দিতে উদগ্রীব হয়ে উঠেছে।
তিনি বলেন, যেখানে যাচ্ছি সেখানেই একই স্লোগান শুনছি—ধানের শীষ। মানুষের একটাই চাওয়া, শান্তি ও উন্নয়ন, আর সে লক্ষ্যেই তারা ধানের শীষে ভোট দিতে প্রস্তুত।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নে ধর্মশুর চেয়ারম্যান বাড়ির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে কেরানীগঞ্জের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আমান উল্লাহ আমান বলেন, লন্ডনের টেমস নদীর অপর পাড়ে যেমন আধুনিক আরেকটি লন্ডন গড়ে উঠেছে, ঠিক তেমনি ঢাকার পাশেই বুড়িগঙ্গা নদীর ওপারে অবস্থিত কেরানীগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় নয়াবাজার–বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর–বসিলা ব্রিজ, আলিপুর ব্রিজসহ অসংখ্য সেতু ও সড়ক নির্মাণ করা হয়েছে। বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় এলে কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজসহ কেরানীগঞ্জের প্রয়োজনীয় সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
বক্তব্যের শেষাংশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান আমান উল্লাহ আমান।
চেয়ারম্যান পুত্র আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বকরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি/এএন




























