ছত্রভঙ্গ আন্দোলন, শাহবাগে কঠোর অবস্থানে পুলিশ
Published : ২২:২১, ৬ ফেব্রুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতেও পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় পুলিশ। বর্তমানে পুরো শাহবাগ এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর থেকে শাহবাগ মোড়ে পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এরও আগে, শুক্রবার দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সে সময় পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
পরবর্তীতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে রওনা হন। তবে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আবারও জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।
ছত্রভঙ্গ হয়ে পড়া আন্দোলনকারীরা পরে বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিডি/এএন

































