রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলাকালে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। এই ঘটনা ঘটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে।

জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। পূর্বঘোষণানুযায়ী, শুক্রবার বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজের পর তারা সমাবেশে যোগ দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এছাড়া সংঘর্ষে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উল্লেখ করা হয়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও আঘাত করা হয়েছে। অন্য একটি পোস্টে তারা জানায়, আপাতত কোনো জমায়েত করা হবে না। আহতদের চিকিৎসা শেষে আবার রাজপথে ফিরে আন্দোলন চালানো হবে এবং ততক্ষণ পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

এই ঘটনায় রাজধানীতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক মহল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement