ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ত্যাগ করেন। এর পরপরই রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ডাকসুর নেতৃবৃন্দ আন্দোলনকারীদের প্রতি জনদুর্ভোগ কমানোর আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে শাহবাগ মোড় পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যারিকেড সরিয়ে নেওয়ার পর সব দিকের সড়কেই যানবাহন চলাচল শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায়ের লক্ষ্যে ভবিষ্যতে আরও সুসংগঠিত কর্মসূচি দেওয়া হবে। তবে আপাতত জনস্বার্থের কথা বিবেচনা করে আজকের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানায় সংগঠনটি।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এদিন দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সেখান থেকে যাত্রা শুরু করলে ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাওয়ার সময় পুলিশ বাধা দেয়। তখন আবারও জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ এলাকা থেকে ইনকিলাব মঞ্চের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত অবস্থায় হাসপাতালে আসেন। জরুরি বিভাগে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

































