নতুন বাংলাদেশের সৃষ্টি হবে ’হ্যাঁ’ ভোটের মাধ্যমে: জামায়াত আমির

নতুন বাংলাদেশের সৃষ্টি হবে ’হ্যাঁ’ ভোটের মাধ্যমে: জামায়াত আমির ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

Published : ২১:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

"আমরা সেই বাংলাদেশ চাই, যেখানে ন্যায়বিচার কায়েম হবে। যেখানে সাধারণ কোন মানুষ নির্দিষ্ট কোন অপরাধ করলে বিচারের আওতায় এনে তাকে যে শাস্তি দেয়া হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি একই অপরাধ করলে এ দেশের আইন তাকে ছাড় দিয়ে কথা বলবে না।"

"আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব-এই শ্লোগান শেষ। যার ভোট সেই দেবে। এই ভোটের উপর কেউ যদি হাত দেয়, কালো চিল হয়ে আসে, ডানা কেটে দিতে হবে। জনগণের ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, আমরা দেহ-মন উজাড় করে তাদের অভিনন্দন জানাব। এর বাইরে আমরা কোনকিছু মেনে নেব না। নতুন বাংলাদেশের জন্ম হবে 'হ্যাঁ' ভোটের মাধ্যমে। সেই নতুন বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক।"

ফরিদপুর-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং পরিচালক আবু হারিছ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

তিনি ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার বক্তব্যে আরো বলেন, "অতীতে যা হয়েছে তা হয়েছে, নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা যে বাংলাদেশে বসবাস করছি তার মানচিত্র বদলে যাবে, তা নয়। তার খাসলত (চরিত্র) বদলাবে।

আমরা চাই না দেশের মাটিতে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দমন-পীড়নের শিকার হয়ে তাকে গুম করা হোক, মিথ্যা মামলা দিয়ে তাকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা চাই না। আমরা ওই বাংলাদেশটাও চাই না- যেখানে আলেম-ওলামাদের নাজেহাল করা হয়। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইবোনের উপর নির্যাতন করা হয়। হাজার হাজার শিক্ষিত বেকার যুবকদের মিছিল হয়।

ওই বাংলাদেশও আমরা চাই না- যার পকেটে টাকা নাই, বাহুতে বল নেই, গোষ্ঠীর জোর নেই অথবা দলীয় শক্তি নেই- তার বিচার নেই। আমরা ওই বাংলাদেশও চাই না- যারা রাজনীতি করতে গিয়ে জনগণের সম্পদের আমানতদারি রক্ষা করতে পারেন না। বরং দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেদের জন্য বেগমপাড়া তৈরি করেন, সিঙ্গাপুর তৈরি করেন, কানাডা তৈরি করেন- সেই বাংলাদেশও চাই না।"

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর মাওলানা বদিরুদ্দিন, বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শারাফাত হোসাইন প্রমুখ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement