ঝিনাইদহে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

ঝিনাইদহে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৮, ১৪ মার্চ ২০২৬

ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের আয়োজন করা একটি আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির কর্মী তরু মিয়া (৪৮) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সূত্রপাত ঘটে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে, যেখানে জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে, এই সভায় বিএনপির কিছু কর্মী বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা ক্রমেই সংঘর্ষে রূপ নায়, এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নেন। সেখানে তরু মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

তরু মিয়ার বাড়ি মাধবপুর গ্রামে। তিনি প্রায় দুই দশক বিদেশে থাকার পর পাঁচ মাস আগে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তার ছেলে শিপন রহমান স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।

ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবু কালাম দাবি করেছেন, জামায়াতের হামলায় বিএনপির অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানিয়েছেন, তরু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা রোধের জন্য অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement