বাংলাদেশ ইস্যুতে বিপদ বাড়ল ভারতের

বাংলাদেশ ইস্যুতে বিপদ বাড়ল ভারতের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১৫, ৩১ জানুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন ভারতের জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের অংশগ্রহণ বাতিলের ঘটনাই ভারতের বহুল আলোচিত অলিম্পিক আয়োজনের স্বপ্নকে হুমকির মুখে ফেলেছে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ঘটনার সূত্রপাত মূলত নিরাপত্তাজনিত কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ঘিরে। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না। বিকল্প হিসেবে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি।

পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্ত কেবল ক্রিকেট অঙ্গনেই নয়, আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলছে বলে মনে করছে গার্ডিয়ান।

২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে বর্তমানে ভারত এগিয়ে আছে বলে ধারণা করা হলেও গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনা ভারতের এই সম্ভাবনাকে বড় ধরনের বাধার মুখে ফেলতে পারে। রাজনৈতিক হস্তক্ষেপ বা আঞ্চলিক ক্রীড়া সম্পর্কের অবনতির বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বরাবরই কঠোর অবস্থানে থাকে। ফলে এই পরিস্থিতিতে ভারতের অলিম্পিক আয়োজনের সুযোগ অনিশ্চিত হয়ে উঠেছে।

গার্ডিয়ানের মতে, অলিম্পিক আয়োজনের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ভারতকে আগে আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করতে হবে। অন্যথায় বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এই ক্রীড়া আসর আয়োজনের অনুমোদন পাওয়া কঠিন হতে পারে।

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাগুলো অলিম্পিক কমিটিকে অবহিত করা তার জন্য মোটেও কঠিন নয় বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৪ প্যারিস অলিম্পিকে মশাল প্রজ্বলন করেছিলেন ড. মুহাম্মদ ইউনুস। বিশ্লেষকদের ধারণা, টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সৃষ্ট এই পরিস্থিতির প্রভাব শুধু ২০৩৬ নয়, বরং ২০২৮ অলিম্পিকের প্রেক্ষাপটেও পড়তে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement