দুপুরে জরুরি বৈঠকে বিসিবি, আলোচনা হতে পারে যেসব বিষয়ে

দুপুরে জরুরি বৈঠকে বিসিবি, আলোচনা হতে পারে যেসব বিষয়ে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

দেশের ক্রিকেট অঙ্গন বর্তমানে কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার বিষয়টি পুরোনো হলেও সাম্প্রতিক সময়ে তা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মন্তব্য করেছেন, বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ক্রিকেটারদের ভেতরে গভীর প্রভাব ফেলেছে; এমনকি দু’জন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও বোর্ডের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে নানা আলোচনা চলছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল–এর অস্ট্রেলিয়া সফর নিয়েও গুঞ্জন থামছে না। পাশাপাশি টুর্নামেন্ট কমিটির কাজে অন্য বিভাগের এক পরিচালকের হস্তক্ষেপের অভিযোগও উঠেছে।

এই প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জরুরি সভা ডেকেছেন বুলবুল। বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, দুপুর ১টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং অস্ট্রেলিয়া থেকেই এতে যুক্ত হবেন সভাপতি।

সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে আসন্ন নারী বিপিএল আয়োজন এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ, পাশাপাশি নতুন প্রধান নির্বাচক নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement