প্রবাসীদের মরদেহ দেশে আনা হবে বিনা খরচে: প্রতিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ দেশে আনা হবে বিনা খরচে: প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে তাদের নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, এর আগে এ কাজে তিনটি গাড়ি ছিল। আজ নতুন করে আরও দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় মোট পাঁচটি গাড়ি দিয়ে এই সেবা কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে প্রবাসীদের মরদেহ আরও দ্রুত ও সুষ্ঠুভাবে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, প্রবাসীদের মরদেহ দেশে আনার সম্পূর্ণ প্রক্রিয়াটি যেন পরিবারের জন্য আর্থিক বোঝা না হয়ে দাঁড়ায়, সে লক্ষ্যে মন্ত্রণালয় বিনা খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবে।

নুরুল হক নুর বলেন, প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া কেউ যদি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে নিবন্ধন করে বৈধভাবে প্রবাসে যান, তাহলে তার জন্য ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধার ব্যবস্থাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement