মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী রাজধানীতে চলাচলের জন্য প্রস্তুত ‘পিংক বাস’। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪০, ১৭ আগস্ট ২০২৬

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া এই বিশেষ বাসে যাত্রীসেবার পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বও পালন করবেন নারীরা।

বিআরটিসি সূত্র জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে এই বিশেষ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিআরটিসি জানিয়েছে, বিশেষ এই বাসগুলো পিংক রঙের হবে এবং বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। এর ফলে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য আলাদা ও বিশেষায়িত সেবার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ ও বিশেষায়িত যাতায়াত সুবিধা তৈরির পাশাপাশি চালক ও কন্ডাক্টরের মতো পেশায় নারীদের অংশগ্রহণ আরও বাড়বে।

শেয়ার করুনঃ
Advertisement